স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

চোটে পড়েছেন মেসি, স্থগিত প্রীতি ম্যাচ

নতুন মৌসুম শুরুর ঠিক আগে বড় দুশ্চিন্তায় ইন্টার মায়ামি। প্রাক-মৌসুমে চোটে পড়েছেন দলের অধিনায়ক লিওনেল মেসি। ফলে পুয়ের্তো রিকোয় ইন্টার মায়ামির নির্ধারিত প্রীতি ম্যাচ দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।

ইকুয়েডরে ৮ ফেব্রুয়ারি বার্সেলোনা এসসির বিপক্ষে ম্যাচে বাঁ পায়ে চোট পান মেসি। মেডিক্যাল পরীক্ষায় হ্যামস্ট্রিংয়ে পেশির টানের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব।

আজ ভোরে এক বিবৃতিতে মায়ামি জানায়, ‘বার্সেলোনা এসসির বিপক্ষে ম্যাচে পাওয়া বাঁ হ্যামস্ট্রিংয়ের পেশির চোটের কারণে ১১ ফেব্রুয়ারি অনুশীলনে অংশ নেননি মেসি। মেডিক্যাল পরীক্ষায় একই চোট নিশ্চিত হয়েছে। তার শারীরিক উন্নতির ওপর নির্ভর করবে অনুশীলনে ফেরা।’

এই চোটের কারণে ১৩ ফেব্রুয়ারি পুয়ের্তো রিকোয় ইন্ডিপেনদিয়েন্তে দেল ভায়ের বিপক্ষে নির্ধারিত প্রীতি ম্যাচ পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয়েছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘সমর্থকদের সেরা অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।’

তবে বিষয়টি শুধু প্রীতি ম্যাচ নয়, ২২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে এমএলএস মৌসুমের উদ্বোধনী ম্যাচের আগে মেসির ফিটনেস এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শিরোপা রক্ষার মিশনে নামার আগে অধিনায়কের অনিশ্চয়তা কৌশলগতভাবে ধাক্কা দিতে পারে দলকে।

সমর্থকদের হতাশা কমাতে সামাজিক মাধ্যমে সরাসরি বার্তা দিয়েছেন মেসি। ভিডিওতে তিনি বলেন, 

‘শেষ ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তাই ক্লাব ও আয়োজকদের সঙ্গে আলোচনা করে ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। আশা করি শিগগিরই দেখা হবে।’

পুয়ের্তো রিকোয় টিকিট বিক্রি ও প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর সূচি পরিবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০২৪ সালে হংকং সফরেও চোটের কারণে মেসি না খেলায় সমালোচনার মুখে পড়েছিল ইন্টার মায়ামি।

মন্তব্য করুন