প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর হাতে দেশ কখনোই নিরাপদ নয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের এই সমাবেশে তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তাদের হাতে দেশের স্বাধীনতা সুরক্ষিত থাকতে পারে না। বিএনপি ক্ষমতায় গেলে দেশের স্বাধীনতা রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন বিএনপি মহাসচিব। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করে তিনি বলেন, তাদের নিরাপত্তায় বিএনপি শেষ রক্তবিন্দু দিয়ে পাশে থাকবে, তাই তারা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যান। নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক শিল্প, আইটি ও নার্সিং ট্রেনিং সেন্টার স্থাপন এবং সরকারি ব্যবস্থাপনায় দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও দীর্ঘদিনের দাবি অনুযায়ী ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালুসহ পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনেরও ঘোষণা দেন তিনি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে গিয়ে মির্জা ফখরুল একগুচ্ছ জনকল্যাণমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, ক্ষমতায় গেলে ৫০ লাখ মায়ের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের ন্যায্যমূল্যে কৃষি উপকরণ নিশ্চিতে ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এছাড়া কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ এবং নারীদের এনজিও ঋণের কিস্তি এক বছরের জন্য সরকার বহন করবে। একইসঙ্গে আগামী দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান তৈরিরও প্রতিশ্রুতি দেন তিনি।
মন্তব্য করুন